সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এল এসকোয়্যার লিমিটেডে ৪ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ অর্থ তালিকাভুক্ত কোম্পানিটি অন্য দুটি সহযোগী প্রতিষ্ঠান এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেড ও এসকোয়্যার অ্যাকসেসরিজ লিমিটেড থেকে উত্তোলন করে এখানে বিনিয়োগ করবে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে এসকোয়্যার নিট কম্পোজিট। সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটিতে ধারাবাহিক বিনিয়োগের অংশ হিসেবে এ বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠানটি শিগগিরই রফতানি শুরু করবে, যা মূল কোম্পানির আয়ে অবদান রাখবে এবং লভ্যাংশ দেবে। সহযোগী প্রতিষ্ঠান দুটি এসকোয়্যার নিটের বিনিয়োগের বিপরীতের কোনো লভ্যাংশ ঘোষণা না করায় এখান থেকে বিনিয়োগ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি।