পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেয়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮২ পয়সায়। কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।










