টাইমস হায়ার এডুকেশনের সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস ২০২৬-এ বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮৭তম স্থান অর্জনের পাশাপাশি দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের ভিত্তিতে এ রেটিং প্রকাশ হয়। এ অর্জনকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের জন্যও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

রেটিংয়ে এসডিজি ১৭ বা লক্ষ্য অর্জনে অংশীদারত্ব সূচকে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে চতুর্থ স্থান পেয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং বৈশ্বিক অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে এ অবস্থান বিশ্ববিদ্যালয়টির সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বছরের রেটিংয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এসডিজি ৪ বা মানসম্মত শিক্ষা সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ১২তম। এসডিজি ৮ বা শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সূচকে রয়েছে ৪৮তম স্থানে। এসডিজি ১০ বা বৈষম্য হ্রাস সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬৮তম।

বিশ্ববিদ্যালয়টির মতে, এ অর্জন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি, গবেষণা, উদ্ভাবন, শিক্ষা কার্যক্রম ও সমাজসম্পৃক্ত উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম টেকসই উন্নয়নকেন্দ্রিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান আরো শক্তিশালী করেছে।

এ সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং দেশী-বিদেশী অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টা, গবেষণা কার্যক্রম, সমাজসম্পৃক্ত উদ্যোগ, শিল্পখাতের সহযোগিতা এবং নীতিগত অবদান এ বৈশ্বিক স্বীকৃতির ভিত্তি তৈরি করেছে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে ভবিষ্যতেও তারা কাজ চালিয়ে যাবে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক তৈরির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।—সংবাদ বিজ্ঞপ্তি