গ্রামীণফোন ফাইভজি রোমিং সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা বিদেশ ভ্রমণের সময়ও ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, যা দেবে আল্ট্রা ফাস্ট গতির ইন্টারনেটের নিশ্চয়তা। ফলে স্ট্রিমিং হবে আরো নির্বিঘ্ন, ভিডিওকল হবে আরো স্বচ্ছ, ডাউনলোড হবে দ্রুততর এবং অনলাইনে কাজও হবে আরো স্বাচ্ছন্দ্যময়। গ্রামীণফোন সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বলছে, এখন থেকে ফাইভজি-উপযোগী স্মার্টফোন এবং গ্রামীণফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা বিদেশেও নির্বিঘ্নে সংযুক্ত থাকতে পারবেন। এজন্য কোনো অতিরিক্ত খরচ ও নতুন কোনো প্যাক কেনার প্রয়োজন নেই। বিদ্যমান রোমিং প্যাকের আওতায় উচ্চগতির ফাইভজি সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। বর্তমানে এ সেবা থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে চালু রয়েছে এবং ধাপে ধাপে তা বিভিন্ন দেশে সম্প্রসারণ করা হবে।

গ্রামীণফোনের চিফ প্রডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ‘ফাইভজি রোমিং সেবা চালুর পদক্ষেপটি গ্রাহকদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যবসা, শিক্ষা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে এখন আরো বেশি মানুষ বিদেশ ভ্রমণ করছেন। বিশ্বজুড়ে সেরা মানের নেটওয়ার্কের গতি, নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের মাধ্যমে সংযুক্ত থাকতে সহায়তা করবে এ সেবা।’

গ্রামীণফোন কর্তৃপক্ষ বলছে, এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ ফাইভজি রোমিং সেবা বিদেশে উল্লেখযোগ্যভাবে বেশি গতি, কম ল্যাটেন্সি এবং আরো নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য মোবাইল অভিজ্ঞতা নিশ্চিত করে থাকে। প্রযুক্তিগত অগ্রগতি ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে গ্রামীণফোনের নেতৃত্বকে আরো সুদৃঢ় করল এ সেবা। বাংলাদেশী ভ্রমণকারীদের জন্য পরবর্তী প্রজন্মের রোমিং সুবিধা দেয়ার মাধ্যমে গ্রামীণফোন ডিজিটাল জীবনধারা, বৈশ্বিক সংযোগ এবং টেলিকম উৎকর্ষে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে।