রমজান মাস ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। ফলে দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে কমেছে পেঁয়াজের দাম। স্থানীয় বাজারে নিত্যপণ্যটির দাম কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে। দুদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ১৯ থেকে ২০ টাকায়। আমদানির এমন ধারা অব্যাহত থাকলে আসন্ন রমজানে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আসন্ন রমজান ঘিরে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে আমদানিকারকরা পণ্যটির আমদানি বাড়িয়েছেন। সপ্তাহখানেক আগে ২-৩ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ২০ থেকে ২৫ ট্রাক করে পেঁয়াজ ঢুকছে দেশে। ফলে দেশের বাজারের চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
আমদানিকারকরা আরও বলেন, ভারতের বাজারেও পেঁয়াজের সরবরাহ খানিকটা বেড়েছে। ফলে সে দেশের বাজারেই
কমেছে নিত্যপণ্যটির দাম, যার কারণে কম দামে পেঁয়াজ আমদানি করার সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা।










