পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক লেনদেন ও শেয়ারদর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৮ জুলাইয়ের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী মালেক স্পিনিংয়ের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সায়। সে হিসাবে আলোচ্য মাত্র ৭ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ১০ পয়সা বা ৩৭ দশমিক ৬৯ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ১ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ৭১৯টি শেয়ার হাতবদল হয়েছে। আর সর্বশেষ গতকাল কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৭৬ হাজার ২৭০টি শেয়ার লেনদেন হয়েছে।










