ভারত ও জাপানের কিছু কোম্পানিতে জ্বালানি তেল সরবরাহ কমানোর কথা ভাবছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি তেল সরবরাহ সংকোচন পরিকল্পনার অংশ হিসেবে এশিয়ায় সরবরাহ কমাচ্ছে তারা। খবর রয়টার্স।

চলতি মাসে ভারতীয় শোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে কেপিসি কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে তেল সরবরাহ চুক্তিতে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত তেল সরবরাহ করা হবে। আগের সমঝোতায় ২০২২ সালের মার্চ নাগাদ তেল সরবরাহের কথা ছিল।

ওপেকভুক্ত দেশগুলোর চতুর্থ বৃহত্তম জ্বালানি তেল উত্তোলক দেশটি বলছে, আগামী বছরের প্রথম প্রান্তিকে জ্বালানি তেল সরবরাহের বিষয়টি অক্টোবর বা নভেম্বরে সিদ্ধান্ত হতে পারে।

কভিড-১৯ মহামারী থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় ভারতের শোধনাগারে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। কিন্তু ওপেকের জ্বালানি রফতানি কোটা অনুসরণ করতে গিয়ে রফতানি কমিয়েছে ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উত্তোলক ইরাক। একই পথ অনুসরণ করেছে প্রতিবেশী কুয়েত।

চলতি বছরে ইরাক জ্বালানি তেল রফতানি কমানোয় কুয়েত থেকে আমদানি বাড়ানোর কথা ভাবছিল ভারতীয় শোধনাগারগুলো।