আকরিক লোহার আকাশচুম্বী দামে লাগাম টানতে সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে চীনের। এ লক্ষ্যেই ধাতুটির উত্তোলন বাড়াচ্ছে দেশটি। চলতি বছরের জানুয়ারি-মে পর্যন্ত চীনের আকরিক লোহা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এসবিএস) এ তথ্য জানিয়েছে।
স্টিলঅরবিসের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মে পর্যন্ত চীন সব মিলিয়ে ৪০ কোটি ৫৭ লাখ ৮২ হাজার টন আকরিক লোহা উত্তোলন করেছে।
এর মধ্যে শুধু মে মাসেই দেশটি ৮ কোটি ৭৬ লাখ ১২ হাজার টন আকরিক লোহা উত্তোলন করে।
এ মাসে উত্তোলনের হার গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
আগের মাসের তুলনায় বেড়েছে দশমিক ৮৩ শতাংশ।
এদিকে চলতি বছরের প্রথম পাঁচ মাসে আকরিক লোহা আমদানিও বেড়েছে।
এ সময় সব মিলিয়ে ৪৭ কোটি ১৭ লাখ ৬৫ হাজার টন আকরিক লোহা আমদানি করা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।
এর মধ্যে শুধু মে মাসেই ৮ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টন আমদানি করা হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেশি।










