ব্যয় হ্রাসের প্রচেষ্টার ভেতর বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় ধাক্কা খেয়েছে ডিজনির ফ্ল্যাগশিপ স্ট্রিমিং পরিষেবা ডিজনি প্লাস। এ তিন মাসে তারা ৪০ লাখ গ্রাহক হারিয়েছে। খবর বিবিসি।

তবে লোকসান কমানোর ক্ষেত্রে কিছুটা সফল হয়েছে তারা। এই অঙ্ক প্রায় ৪০ কোটি ডলার।

প্রথাগত চলচ্চিত্র ও টেলিভিশন বাজার সঙ্কুচিত হওয়ায় মিকি মাউস, স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজি ও মার্ভেল চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান ডিজনি স্ট্রিমিং ব্যবসা নিয়ে চাপের মধ্যে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এশিয়ার হটস্টার পরিষেবা থেকে বেশির ভাগ গ্রাহক হারিয়েছে তারা। গত বছর ভারতীয় ক্রিকেট ম্যাচ স্ট্রিমিংয়ের অধিকার হারায় প্রতিষ্ঠানটি।

এ ছাড়া সাবস্ক্রিপশন ফি বাড়ানোর পর যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় তিন লাখ গ্রাহক হারিয়েছে ডিজনি প্লাস।

ডিজনির স্ট্রিমিং ব্যবসায় বছরের প্রথম তিন মাসে পরিচালনজনিত লোকসান কমে হয়েছে ৬৫ কোটি ৯০ লাখ ডলার। যা আগের প্রান্তিকে ছিল প্রায় ১১০ কোটি ডলার।

ডিজনির প্রধান নির্বাহী বব ইগার জানান, টেকসই প্রবৃদ্ধি ও সাফল্যের পথে ডিজনিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য কোম্পানিতে কৌশলগত পরিবর্তন এনেছেন তারা।

এর আগে তিনি বলেছিলেন, ডিজনি প্লাস ‘টার্নিং পয়েন্টে’ পৌঁছেছে ও আগামী বছরের মধ্যে লাভজনক হয়ে উঠবে।

বছরের শুরুর দিকে প্রথমবার গ্রাহক পতনের ঘোষণা দেয় স্ট্রিমিং জায়ান্টটি। সঙ্গে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা জানায়।

সারা বিশ্বে ডিজনি প্লাসের গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৮০ লাখের মতো। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী নেটিফ্লিক্সের গ্রাহক ২৩ কোটি ২৫ লাখ।