দুই সপ্তাহের বেশী সময় ধরে অস্থিতিশীল থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের বাজার স্থিতিশীল হতে শুরু করেছে।
সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে ১০ টাকা করে। আগে পাইকারিতে ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০-৩২ টাকায় নেমেছে। পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে কিনতে আসা পাইকাররা। স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মাঝেও।
বগুড়া থেকে আসা পাইকার রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনেছি। সেসময় দাম বেশী ছিল। প্রতি কেজি ৩৮-৪০ টাকায় কিনতে হয়েছে। এখন দাম অনেক কমে গেছে। ভালো মানের পেঁয়াজই বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। আর কিছুটা খারাপ মানের পেঁয়াজ ২০-২২ টাকায় পাওয়া যাচ্ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। গড়ে প্রতিদিন বন্দর দিয়ে ১০-১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। শনিবার বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৩৫৮ টন আমদানি হয়েছে। গতকালও অব্যাহত ছিল।আজ সোমবার ১৫টি ট্রাকে ৪২৪ টর পেঁয়াজ এসেছে হিলি বন্দরে। পেঁয়াজ দ্রুত পচনশীল পণ্য, তাই দ্রুত খালাস করতে বন্দর কর্তৃপক্ষ সবধরনের ব্যবস্থা নিয়েছে বলেও তিনি জানান।










