কভিড-১৯ মহামারীর কারণে গত বছর বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা রফতানিকারক দেশ ভারতের চা রফতানি কমেছে ১৮ শতাংশ। ২০২০ সালে দেশটির চা রফতানির পরিমাণ ছিল ২০ কোটি ৪০ লাখ কেজি, যেখানে ২০১৯ সালে দেশটি ২৫ কোটি ৫০ লাখ কেজি চা রফতানি করেছিল। খবর টাইমস অব ইন্ডিয়া।

গত বছর পরিমাণের হিসাবে ভারতের চা রফতানি কমেছে ৪ কোটি ৪০ লাখ কেজি। তবে ভারতের চা রফতানি কমলেও এর শীর্ষ প্রতিযোগী দেশ কেনিয়ার ক্ষেত্রে তা আগের তুলনায় বেড়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২০ সালে কেনিয়ার চা রফতানির পরিমাণ ছিল ৫১ কোটি ৯০ লাখ কেজি। এর আগের বছর দেশটি থেকে ৪৯ কোটি ৭০ লাখ কেজি চা রফতানি হয়েছিল। অর্থাৎ দেশটির চা রফতানির পরিমাণ তার আগের বছরের চেয়েও ২ কোটি ২০ লাখ কেজি বেড়েছে। কভিড-১৯ মহামারীর প্রভাবে বিশ্ববাজারে ৭ কোটি ৬০ লাখ কেজি কমে চা রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮২ কোটি ৪০ লাখ কেজিতে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের চা রফতানি কমে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো কঠোর লকডাউনের কারণে চা বাগানের অনেক পাতাই ঝরে গিয়েছিল। ফলে রফতানি বাজারে এর প্রভাব পড়েছে।