কার্গো ফ্লাইট সক্ষমতা প্রসারিত করতে পাঁচটি বোয়িং ৭৭৭ কিনছে এমিরেটস। ১৭০ কোটি ডলারেরও বেশি ব্যয়ে এ উড়োজাহাজগুলো কিনতে চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানটি। খবর এপি।

এর আগে এমিরেটস নতুন দুটি বোয়িং ৭৭৭ কিনতে এবং যাত্রীবাহী ১০টি বোয়িং ৭০০-৩০০ ইআর মালবাহী কার্গোতে রূপান্তর করতে ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। এর মধ্যে নতুন কেনা দুটি বোয়িং ৭৭৭ চলতি বছর সংস্থাটির বহরে যুক্ত হয়েছে। পাশাপাশি রূপান্তরিত মালবাহী কার্গোগুলো আগামী বছর বহরে সংযুক্ত করা হবে। বর্তমানে এমিরেটস ১১টি মালবাহী বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে কার্গো ফ্লাইট পরিচালনা করছে।

এমিরেটসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, চুক্তি অনুযায়ী নতুন বোয়িংগুলোর মাধ্যমে মালামাল সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক এমিরেটসের উড়োজাহাজের বহর বিস্তৃত হবে। সংস্থাটির বহরে বর্তমানে এ৩৮০এস মডেলের ১১৮টি যাত্রীবাহী ডাবল ডেকার এয়ারবাস এবং ১৩৪টি বোয়িং ৭৭৭এস রয়েছে।