অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ডা. জাহেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি একজন মানুষকে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে।’
সম্মাননীয় অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব মো. মাহবুবুল আলম। তিনি বলেন, ‘বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা, প্রযুক্তি এবং গণমাধ্যমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক গবেষণা এবং দক্ষতা উন্নয়নের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের সমন্বয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক তৈরি হবে।’
এছাড়া বিশেষ অতিথি ছিলেন ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আশরাফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো, কামরুজ্জামান লিটু এবং সদস্য জনাব কামরুন নেহার নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার, উদযাপন কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের চেয়াম্যান শারমিন আকতার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেন।— সংবাদ বিজ্ঞপ্তি










