জ্বালানি তেলে শক্তিশালী আয়ের জন্য কুয়েত নয় বছরে প্রথমবারের মতো বাজেট উদ্বৃত্তের রেকর্ড করেছে। গত অর্থবছর শেষে উদ্বৃত্ত ২ হাজার ৮৬ কোটি ডলারে পৌঁছেছে। পূর্ববর্তী বছরের তুলনায় আয় বেড়েছে ৫৪ দশমিক ৭ শতাংশ। দেশটির জ্বালানি তেলমন্ত্রী সাদ হামাদ নাসের আল-বারাক বলেছেন, কুয়েতের শক্তিশালী আর্থিক অবস্থান, মজুদ ও স্থিতিশীলতা স্বল্পমেয়াদি তেল বাজারের ওঠানামা থেকে রক্ষা করেছে। খবর আরব নিউজ।

দেশটির দৈনিক তেল উৎপাদনের হার ২৬ দশমিক ৯৩ লাখ ব্যারেল পৌঁছেছে, যা বৈশ্বিক মজুদের প্রায় ৭ শতাংশ। ২০১৪ সালে তেলের মূল্যপতনের পর থেকে কুয়েত ক্রমাগত বাজেট ঘাটতির মুখোমুখি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধির পরে তার উন্নতি দেখা গেছে। সংসদ সদস্য ওসামা আল-জায়েদের উদ্ধৃতি দিয়ে আল-দুস্তরের প্রতিবেদনে বলা হয়, ১ এপ্রিল শুরু হওয়া খসড়া বাজেটে তেলের আয় ১ হাজার ৭০০ কোটি দিনার ধরা হয়েছে। 

আল-দুস্তর বলেন, ‘‌খসড়া বাজেটটি তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আগামী অর্থবছরের খসড়া বাজেটে তেলের দাম ও পরিমাণ কমায় ৬৮০ কোটি দিনার ঘাটতি ধরা হয়েছে। কুয়েত তার উপসাগরীয় প্রতিবেশীদের তুলনায় রাজস্ব উৎসকে বৈচিত্র্যময় করার ক্ষেত্রে ধীরগতিতে রয়েছে।