বিশ্ববাজারে একের পর এক রেকর্ড সৃষ্টি করছে স্বর্ণ। প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (১২ এপ্রিল) দিনব্যাপী লেনদেনের এক পর্যায়ের স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ২ হাজার ৪০০ ডলার ডলার ছাড়িয়ে যায়। যদিও মুদ্রাবাজারে ডলারের শক্তিশালি অবস্থানের কারণে এক পর্যায়ে বাজার সংশোধন হয়ে তা নেমে আসে ২ হাজার ৩৪২ দশমিক ৯০ ডলারে নেমেছে। সব মিলিয়ে গত সপ্তাহে স্বর্ণের মূল্য বেড়েছে দশমিক ৫৯ শতাংশ। 

মূল্যবান ধাতুটির আন্তর্জাতিক বাজারে এ মুহূর্তে সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠেছে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার হ্রাসের সম্ভাবনা এবং ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা। আন্তর্জাতিক ভূরাজনীতির বর্তমান পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতি নিয়ে এক প্রকারের অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা এখন ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। 

এদিকে দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বাড়ায় গত ৮ এপ্রিল। বাজুসের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির পক্ষ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া বাজুস ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ১৯০ টাকা নির্ধারণ করেছে।