বায়োডিজেল উৎপাদনে পাম অয়েল ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। কিন্তু অঞ্চলটি বায়োডিজেল ব্যবহারের পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা করছে। ফলে এক দশকের মধ্যে এ অঞ্চলে পাম অয়েল আমদানি তলানিতে নামতে পারে। ইউরোপিয়ান কমিশন সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ ধারাবাহিকতায় ২০৩১ সালের মধ্যে কমিয়ে আনা হবে বায়োডিজেলের ব্যবহার। এ সময় জ্বালানিটির ব্যবহার ১৪ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৪৩০ কোটি লিটারে নামতে পারে। চলতি বছর ইইউ ৬৫ লাখ টন পাম অয়েল আমদানি করতে পারে বলে জানিয়েছে কমিশন। তবে ২০৩১ সালের মধ্যে আমদানি ৪০ লাখ টনে নামতে পারে। মূলত বায়োডিজেলের চাহিদা কমে যাওয়ার কারণেই আমদানি কমবে।