কভিড-১৯-এর সংক্রমণ রোধে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে লকডাউন চলা সত্ত্বেও বৈশ্বিক ব্ল্যাক টি উৎপাদনে ভূমিকা রাখছে ভারত। গত বছরের তুলনায় চলতি বছর উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে দেশটি। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
চলমান লকডাউনের সময় আফ্রিকার দেশ কেনিয়া ব্যতীত অন্যান্য ব্ল্যাক টি উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদন বাড়ানো অব্যাহত রেখেছে।
বিভিন্ন দেশের উৎপাদনসংক্রান্ত তথ্যের ভিত্তিতে এমন চিত্র দেখা যায়।
চলতি বছরের এখন পর্যন্ত বিশ্বব্যাপী ব্ল্যাক টি উৎপাদনের পরিমাণ বেড়ে আনুমানিক ৮৯ কোটি ৪৫ লাখ কেজিতে পৌঁছেছে।
গত বছরের একই সময় পর্যন্ত বৈশ্বিক ব্ল্যাক টি উৎপাদনের পরিমাণ ছিল ৭৮ কোটি ৬৩ লাখ কেজি।
গ্লোবাল টি ডাইজেস্টের সমন্বয়ক রাজেশ গুপ্তা এ তথ্য জানান।
বিশ্বব্যাপী ব্ল্যাক টি উৎপাদনের পরিমাণ ১০ কোটি ৮২ লাখ কেজি বাড়াতে উৎপাদন প্রবৃদ্ধির হার বেড়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।
বৃহৎ এ উৎপাদন প্রবৃদ্ধিতে সিংহ ভাগ অবদান রেখেছে ভারত।
বছরের এ সময় পর্যন্ত দেশটির ব্ল্যাক টি উৎপাদনের পরিমাণ গত বছরের তুলনায় ৯ কোটি ৪৪ লাখ কেজি বেড়ে ৪৪ কোটি ৩৯ লাখ কেজিতে পৌঁছেছে।
রাজেশ গুপ্তা জানান, একই সময়ে শ্রীলংকাও তাদের ব্ল্যাক টি উৎপাদনের মাত্রা বৃদ্ধি করেছে।
চলতি বছরের এ সময় পর্যন্ত দেশটির ব্ল্যাক টি উৎপাদনের পরিমাণ বেড়েছে ১৫ কোটি ৯৮ লাখ কেজি।
গত বছরের একই সময়ের তুলনায় শ্রীলংকার উৎপাদন প্রবৃদ্ধির হার বেড়ছে ২৪ দশমিক ১৮ শতাংশ।
তবে কেনিয়ার ব্ল্যাক টি উৎপাদনের হার গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৯ দশমিক ৬৫ শতাংশ।










