অপরিশোধিত জ্বালানি তেলের ক্ষেত্রে চীন মূলত আমদানিনির্ভর দেশ। এর পরও দেশটির নিজস্ব কূপগুলো থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল উত্তোলন হয়। চলতি বছরের এপ্রিলে নিজস্ব কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়িয়েছে চীন। খবর সিনহুয়া ও রয়টার্স।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের দেয়া তথ্য অনুযায়ী, এপ্রিলে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন গত বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রায় ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার টনে উন্নীত হয়েছে। এছাড়া গত বছরের মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এক বছরে উত্তোলন করা হয়েছে ৬ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টন, যা আগের বছরের (২০১৯ সালের মে থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত) তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি।

এদিকে উত্তোলনের পাশাপাশি পরিশোধনের পরিমাণও বাড়িয়েছে চীন। এপ্রিলে গত বছরের একই মাসের তুলনায় অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ কোটি ৭৯ লাখ টনে পৌঁছেছে। গত এক বছরে (২০২০ সালের মে থেকে ২০২১ সালের এপ্রিল) পরিশোধনের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। পরিশোধনকৃত জ্বালানি তেলের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ২১ লাখ টনে।

অন্যদিকে এপ্রিলে চীনের প্রাকৃতিক গ্যাস উত্তোলন গত বছরের একই মাসের তুলনায় ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯০ কোটি ঘনমিটারে পৌঁছেছে। এক বছরে উত্তোলন ১১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭ হাজার ২০ কোটি ঘনমিটারে দাঁড়িয়েছে।