আর্গন ডেনিমস লিমিটেডের পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে কোম্পানিটির দুই লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। স্টক এক্সচেঞ্জের লেনদেনের বাইরে উপহার হিসেবে তিনি এ শেয়ার হস্তান্তর করবেন। ডিএসইর অনুমোদনের তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে এ শেয়ার হস্তান্তর করা হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা, আগের বছরে যা ছিল ৫২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৩ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ২৪ টাকা ৪৪ পয়সায়।