ব্যবসায়িক পরিচালন খরচ নিয়ন্ত্রণ ও অনলাইন বিক্রিতে জোর দিয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছে যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় কসমেটিকস প্রতিষ্ঠান রেভল্যুশন বিউটি। চলতি অর্থবছরের প্রথমার্ধে (৩১ আগস্ট পর্যন্ত) প্রতিষ্ঠানটির অনলাইন বিক্রি ২২ শতাংশ বেড়েছে। একই সঙ্গে পণ্যের মোট মুনাফা বা গ্রস মার্জিন বেড়েছে ১০ শতাংশের বেশি। খবর দ্য ইন্ডাস্ট্রি ডটবিউটি।
কোম্পানিটি সম্প্রতি প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে জানায়, আলোচ্য সময়ে সমন্বিত ইবিআইটিডিএ বা পরিচালনা মুনাফা দাঁড়িয়েছে অন্তত ২০ লাখ পাউন্ডে। অন্যদিকে আগের বছরের একই সময় প্রতিষ্ঠানটিকে ১২৫ লাখ পাউন্ড লোকসান গুনতে হয়েছিল। বিগত ১২ মাসের প্রতি মাসেই ইতিবাচক মুনাফা ধরে রেখে ব্যবসায় নতুন গতি ফিরিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানায়, বিগত বছরে মূল্যছাড় ও পুরনো পণ্য বিক্রির কারণে আয় বেশি ছিল। কিন্তু চলতি বছরের প্রথমার্ধের সার্বিক রাজস্ব আগের বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। এছাড়া বছরের দ্বিতীয়ার্ধে তুলনামূলক বেশি আয় হয়ে থাকে। ফলে বর্তমান ধারা বজায় থাকলে চলতি অর্থবছরে অর্জিত মুনাফা বাজারের প্রত্যাশাকেও ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
২০২৫ সালে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা টম অলসওয়ার্থ ও অ্যাডাম মিন্টো ব্যবসায় ফিরে আসার পর পণ্য তালিকা ও ব্যবসায়িক খরচে ব্যাপক পরিবর্তন আনা হয়। এ পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে পাইকারি ও খুচরা বিক্রিতে। এছাড়া ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে জুনে ‘ডেবেনহ্যামস গ্রুপ’-এর সঙ্গে একটি লাইসেন্স চুক্তি করেছে রেভল্যুশন বিউটি।
এ চুক্তির আওতায় নামি কিছু ব্র্যান্ডের জন্য সুগন্ধি ও উপহারসামগ্রী তৈরি ও সরবরাহ করবে প্রতিষ্ঠানটি, যা ডিসেম্বরের মধ্যেই বাজারে আসবে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ১৭ হাজার ৫০০টি খুচরা আউটলেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে রেভল্যুশন বিউটি। যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানা রয়েছে, যেখানে ২৩১ জন কর্মী কর্মরত।
বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশেও রেভল্যুশন বিউটির মেকআপ পণ্যের ভালো চাহিদা রয়েছে। বিশেষ করে অনলাইন-ভিত্তিক বিক্রির মাধ্যমে এসব বাজারে ব্র্যান্ডটি পণ্য পৌঁছে দেয়।










