আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুটির দাম কিছুটা বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯০০ ডলারে পৌঁছেছে। শুক্রবার মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটে। এপ্রিলে যুক্তরাষ্ট্রের ভোক্তামূল্যে ঊর্ধ্বগতি দেখা গেছে। পাশাপাশি মূল্যস্ফীতি পরিস্থিতিতে আপত্কালীন বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুটির চাহিদা বেড়েছে। মূলত এ কারণেই স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী। খবর বিজনেস রেকর্ডার।

স্পট মার্কেটে দিনের মাঝামাঝি সময়ে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় ১ হাজার ৮৯৬ ডলার। যদিও দিনের শুরুতে ধাতুটির দাম দশমিক ৮ শতাংশ কমতির দিকে ছিল। টানা চার সপ্তাহ ধরে স্বর্ণের মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত আছে, যা সর্বোচ্চ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বেড়েছিল। এদিকে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য কিছুটা পরিবর্তিত হয়ে আউন্সপ্রতি ১ হাজার ৮৯৮ ডলারে দাঁড়িয়েছে।

তবে আন্তর্জাতিক বাজারে রৌপ্যের দাম দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ২৭ ডলার ৮২ সেন্টে নেমেছে। কমেছে প্লাটিনামের দামও। ধাতুটির বাজারদর দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ১৭৪ ডলার ৬৩ সেন্টে দাঁড়িয়েছে। তবে সরবরাহ সংকট দেখা দেয়ায় মূল্যবান ধাতু প্যালাডিয়ামের দাম বেড়ে গেছে। ধাতুটির দাম দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৮১৪ ডলার ২০ সেন্টে উন্নীত হয়েছে।