বিশ্বের শীর্ষ চিনি উৎপাদক দেশ ব্রাজিল। চলতি মাসের প্রথমার্ধে দেশটির চিনি উৎপাদন ১৪ শতাংশ কমেছে। একই হারে কমেছে আখ মাড়াইও। শিল্প সংস্থা ইউনিকার পাক্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর নাসডাক ও রয়টার্স।
ব্রাজিলের চিনি উৎপাদনের প্রধান কেন্দ্র দেশটির মধ্য-দক্ষিণাঞ্চল। ইউনিকা জানায়, এ অঞ্চলটিতে জুনের প্রথমার্ধে ২১ লাখ ৯০ হাজার টন চিনি উৎপাদিত হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম। একই হারে কমেছে আখ মাড়াই। মধ্য-দক্ষিণাঞ্চলে জুনের প্রথমার্ধে আখ মাড়াই করা হয় ৩ কোটি ৫৯ লাখ টন।
ইউনিকার দেয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে চিনিভিত্তিক ইথানল উৎপাদনও কমেছে। ১৫ জুন পর্যন্ত দেশটিতে ১৬ লাখ ৮০ হাজার লিটার ইথানল উৎপাদিত হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ কম।










