ঈদের ছুটিতে দেশের সব মার্কেট ও স্বর্ণের দোকান বন্ধ থাকে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীরা। গতকাল বাজুসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছে স্বর্ণের অলংকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
চিঠিতে বলা হয়েছে, ‘ঈদে লম্বা ছুটির কারণে দেশের সব মার্কেট ও দোকান বন্ধ থাকে। এ সময় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা বেশি থাকে। এমন প্রেক্ষাপটে জুয়েলারি ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে ঈদের বন্ধে সারা দেশের জুয়েলারি দোকানের বিশেষ নিরাপত্তার লক্ষ্যে জুয়েলারি মার্কেট ও প্রতিষ্ঠানগুলোয় সার্বক্ষণিক নিরাপত্তা ও অধিকতর নজরদারির ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, ১৭ জুন সারা দেশে ঈদুল আজহা উদযাপন করা হবে। এ কারণে ১৬-১৮ জুন ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার।










