যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় অবস্থিত কারখানায় ওষুধ উৎপাদন কার্যক্রম জোরদারে আরো ১৬০ কোটি ডলার বিনিয়োগ করবে এলি লিলি অ্যান্ড কোম্পানি। এর মধ্যে সম্প্রতি ক্যান্সারের জন্য অনুমোদিত জেপিরকাসহ অন্যান্য ওষুধ রয়েছে।
এলি লিলির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এ কারখানায় বর্তমানে প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ ৩৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, তিন বছরে লিলি ৬৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে। মূলত যুক্তরাষ্ট্রে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থূলতা, আলঝেইমার ও অটোইমিউন সমস্যার চিকিৎসা প্রদানে ওষুধ তৈরিতে এ বিনিয়োগ করা হয়েছে। জানুয়ারিতে কোম্পানিটি নর্থ ক্যারোলিনায় থাকা উৎপাদন কেন্দ্রের সক্ষমতা বাড়াতে ৪৫ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছিল। মূলত ডায়াবেটসের জন্য ব্যবহৃত ওষুধ ট্রুলিসিটি ও সম্প্রতি বাজারে আসা মউনজারো এর চাহিদা থাকায় এ উদ্যোগ হাতে নেয়া হয়েছে। উত্তর ক্যারোলিনার উৎপাদন কেন্দ্রের সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি ১৭০ কোটি ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।










