ঘূর্ণিঝড় ডেল্টা আঘাত হানার তিনদিন পর সোমবার উত্তর মেক্সিকো উপসাগরে তেল ও গ্যাস উৎপাদন কার্যক্রম শুরু করেছে জ্বালানি কোম্পানিগুলো। ইউএস ব্যুরো অব সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট (বিএসইই) এ কথা জানিয়েছে। খবর রয়টার্স।

বিশ্বখ্যাত জ্বালানি কোম্পানি বিপি পিএলসি সোমবার বলেছে, মেক্সিকো উপসাগরে তাদের তেলকূপগুলোতে অফশোর কর্মীদের পুনরায় নিযুক্ত করা হয়েছে। কর্মকাণ্ড আর উৎপাদন স্বাভাবিক করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে কোম্পানিটি, যা ঘূর্ণিঝড় ডেল্টায় ব্যাহত হয়েছিল।

বিপি জানায়, সব ফ্যাসিলিটিজ পুনরায় চালু হয়েছে এবং সব ভাসমান অফশোর ড্রিলিং ইউনিট নিজ নিজ অবস্থানে ফিরে গেছে। ডেলটার পূর্বাভাসের পর পরই পূর্বসতর্কতা হিসেবে এসব ফ্যাসিলিটজ থেকে লোকবল সরিয়ে নিয়েছিল কোম্পানিগুলো।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার অপরিশোধিত তেল উৎপাদন ৯১ শতাংশ (দিনে ১৬ লাখ ৮০ হাজার ব্যারেল) কম ছিল, যা সোমবার নেমেছে ৬৯ দশমিক ৪ শতাংশে (দিনে ১২ লাখ ৮০ হাজার ব্যারেল)। বিএসইই আরো জানায়, সোমবার গ্যাস উৎপাদন ৪৭ শতাংশ (১২ লাখ ৮০ হাজার ঘনফুট) ঘাটতি ছিল, রোববার যা ছিল ৬২ শতাংশ (১৬ লাখ ৮০ হাজার ঘনফুট)।