প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিডিং আগামীকাল বিকাল ৫টা থেকে শুরু হবে, যা চলবে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। এ বিডিংয়ে অংশ নিতে যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) ৩ কোটি টাকা এবং পেনশন ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের দেড় কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি প্রথমে বিডিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করবে। যে দামে এসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত শেয়ার বিক্রি শেষ হবে, সেটি হবে এ শেয়ারের প্রান্তসীমা (কাটঅফ প্রাইস)। পরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এ কাটঅফ প্রাইসের চেয়ে ৩০ শতাংশ কম দামে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করা হবে।

এর আগে গত ৮ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে নাভানা ফার্মাসিউটিক্যালস। উত্তোলিত অর্থ নতুন সাধারণ উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্পোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।