মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রধান কার্যালয়। গতকাল ডিএসইকে এ তথ্য জানায় কোম্পানিটি।
তথ্য অনুসারে, খাজা টাওয়ারে কোম্পানিটির ২, ৩, ৫, ৭, ১২, ১৩ ও ১৪তম ফ্লোরে কোম্পানিটির পরিচালন কার্যক্রম চলত। কোম্পানিটির প্রাথমিক পর্যবেক্ষণে ডকুমেন্টস ও রেকর্ড, ফার্নিচার ও ফিক্সচার, কম্পিউটার ও আনুষঙ্গিক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা পরে মূল্যায়ন করে জানাবে কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সাইফ পাওয়ারটেকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৯ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৬৫ পয়সা বা ৬৫ দশমিক ৬৬ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৩ পয়সায়।










