চলতি বছরও খাদ্যশস্য আমদানিতে বিশ্বের শীর্ষে থাকবে মেক্সিকো। ২০২২-২৩ মৌসুমের উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস।
সংস্থাটি সম্প্রতি গ্লোবাল এগ্রিকালাচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেয়া পূর্বাভাস অনুযায়ী, গম, ভুট্টা ও সরগাম (এক ধরনের শস্য) উৎপাদন নিম্নমুখী থাকবে। চাল উৎপাদন কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
ইউএসডিএ বলছে, ২০২২-২৩ মৌসুমে মেক্সিকোয় ২ কোটি ৭৬ লাখ টন ভুট্টা, ৩২ লাখ ৭০ হাজার টন গম এবং ৪৮ লাখ ৫০ হাজার টন সরগাম উৎপাদন হতে পারে। ঊর্ধ্বমুখী ব্যয় উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া সরকারি সহায়তার অভাব ও লা নিনার মতো চ্যালেঞ্জিং আবহাওয়াও উৎপাদন কমার পেছনে বড় ভূমিকা পালন করছে।
এদিকে চাল উৎপাদন কিছুটা বেড়ে ২ লাখ ৭৪ হাজার টনে পৌঁছতে পারে। নির্দিষ্ট কিছু অঞ্চলে নতুন করে সেচ অবকাঠামো উন্নয়নের ফলে উৎপাদন প্রবৃদ্ধির মুখ দেখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে ২০২২-২৩ মৌসুমে মেক্সিকোয় পশুখাদ্য হিসেবে খাদ্যশস্যের চাহিদা অব্যাহতভাবে বাড়বে বলে জানিয়েছে ইউএসডিএ। সংস্থাটির প্রত্যাশা অনুযায়ী, চাহিদা আগের মৌসুমের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। পশুখাদ্য হিসেবে মেক্সিকোয় ভুট্টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়। কারণ এটির পুষ্টিগুণ অনেক বেশি। তবে মানুষের খাদ্য হিসেবে খাদ্যশস্যের ব্যবহার কিছুটা ধীরগতিতে বাড়বে বলে জানিয়েছে ইউএসডিএ।
২০২২-২৩ মৌসুমে মেক্সিকোয় খাদ্যশস্য আমদানি উল্লেখযোগ্য হারে বাড়বে। বিশেষ করে পশুখাদ্যের ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে মাড়াই প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ খাদ্যশস্য ক্রয় করবে। এ সময় মেক্সিকোয় সবচেয়ে বেশি খাদ্যশস্য সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক ও রসদ সুবিধার কারণেই যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক শস্য ক্রয় করবে মেক্সিকো।










