ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরামের (ইএলএফ) উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) সহযোগিতায় ‘প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন ২’ অনুষ্ঠিত হয়েছে। মূলত আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যে উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ইউআইইউ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বিজয়ীদের হাতে ট্রাফি ও চেক তুলে দেন। প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয় ইউআইইউর ‘দ্য টিম উইদাউট এ নাম’ দল, প্রথম রানারআপ হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘টিম রেড মার্কড’ এবং দ্বিতীয় রানারআপ হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘কি দেওয়া জিই’ দল। চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার, প্রথম রানারআপ দলকে ১৫ হাজার এবং দ্বিতীয় রানারআপ দলকে ১০ হাজার টাকার চেক ও ট্রফি দেয়া হয়।

প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে দেশের শীর্ষ ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে ৯২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একটি লটারি ইভেন্টের মাধ্যমে তাদের দেয়া একটি বিষয় তথ্যপূর্ণ ও আকর্ষণীয় উপস্থাপনা প্রদান করে। প্রতিযোগিতায় প্রতিটি দলকে পেচাকুচা ফরমেটের মাধ্যমে ২০টি স্লাইড উপস্থাপন এবং প্রতিটি স্লাইড প্রেজেন্টেশন করার জন্য ২০ সেকেন্ড সর্বমোট ৬ মিনিট ৪০ সেকেন্ড সময় দেয়া হয়েছিল। বিচারকদের একটি সুদক্ষ প্যানেল শারীরিক ভাষা, বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা এবং সময় ব্যবস্থাপনাসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে পারফরম্যান্সের মূল্যায়ন করেছে। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থাপনায় দক্ষতা ও কৌশল অর্জন এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইউআইইউ বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম, সিএসই বিভাগের প্রধান ড. সুমন আহমেদ, ইডিএস বিভাগের প্রধান ড. শান্তনু কুমার সাহা, ইংলিশ অলিম্পিয়াডের প্রধান সংগঠক মোহাম্মদ আমান উল্লাহ, ইংরেজি বিভাগের প্রভাষক কার্স্টেন গুজেন এবং বিশ্ববিদ্যালয়ের হেড অব কমিউনিকেশনস উম্মে সুমাইয়া মুতিয়াতুর রসুল।