টেসলার কর্মীদের অফিসে ফিরে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ইলোন মাস্ক। তিনি ঘোষণা করেছেন, দূর থেকে প্রতিষ্ঠানের কাজ করা আর গ্রহণযোগ্য নয়। এ নির্দেশ না মানলে চাকরি ছেড়ে দেয়ার কথাও জানিয়েছেন তিনি। কর্মীদের পাঠানো কয়েকটি ই-মেইল বার্তায় এ নির্দেশনা দেয়া হয়েছে। এ বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে। খবর বিবিসি ও রয়টার্স।
ই-মেইল বার্তায় ইলোন মাস্ক বলেছেন, টেসলার প্রত্যেক কর্মীকে সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা অফিসে ব্যয় করতে হবে। আপনি উপস্থিত না থাকলে আমরা ধরে নেব আপনি চাকরি ছেড়ে দিয়েছেন।
ই-মেইলগুলোয় বলা হয়েছে, কর্মীদের কাজে যোগদানের বিষয়টি প্রতিষ্ঠানের প্রধান অফিসগুলোয় অবহিত করতে হবে। প্রতিষ্ঠানের দেয়া দায়িত্বের সঙ্গে সম্পর্কহীন কোনো দূরবর্তী শাখা অফিস হিসেবে গণ্য হবে না।
টেসলার প্রধান নির্বাহী জানান, অফিসে পূর্ণ সময়ের কাজ করাই কর্মীদের প্রধান দায়িত্ব। পাশাপাশি ব্যক্তিগতভাবে তাদের সহাযোগিতা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। ইলোন মাস্ক বলেন, কিছু প্রতিষ্ঠান আছে যেখানে অফিসে উপস্থিত হয়ে কাজ করার প্রয়োজন হয় না। কিন্তু সেই প্রতিষ্ঠান শেষ কবে একটি দুর্দান্ত পণ্য উন্মোচন করেছে? টেসলা বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে রোমাঞ্চকর ও অর্থবহ পণ্য তৈরি করেছে এবং করে যাবে। ফোনকলের মাধ্যমে এমন কাজ করা সম্ভব নয়।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি টেসলা। কভিডজনিত বিধিনিষেধ আরোপ করায় যুক্তরাষ্ট্রের অটোমোবাইলসহ অনেক শিল্পে বাসা থেকে অফিস করার সুযোগ দেয়া হয়। বর্তমানে বিধিনিষেধ শিথিল হলেও অনেক প্রতিষ্ঠান এখনো সেই অনুশীলন চালিয়ে যাচ্ছে। ব্যাংকিংয়ের মতো কিছু খাত এরই মধ্যে কর্মীদের অফিসে ফিরে কাজের জন্য চাপ দিচ্ছে। তবে প্রযুক্তি শিল্পের নির্বাহীরা আশা করছেন, অনির্দিষ্টকালের জন্য দূরবর্তী কাজের অনুমতি দেয়া হবে। অনেক শিল্প আবার মিশ্র পদ্ধতি বেছে নিয়েছে।










