চীনে কয়লা উত্তোলন বেড়েছে। বিদ্যুৎকেন্দ্র ও বন্দরগুলোয় বাড়ছে মজুদও। ফলে চলতি শীত ও আসন্ন বসন্তে জ্বালানি পণ্যটির স্থিতিশীল সরবরাহ নিশ্চিতে সক্ষম হবে বৃহৎ অর্থনীতির দেশটি। চীনের শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, দেশটির সরকার কয়লা উত্তোলন বাড়াতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ফলে কয়লার নজিরবিহীন যে সংকট দেখা দিয়েছিল তা ধীরে ধীরে শিথিল হচ্ছে।
চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) মুখপাত্র মেং উই বলেন, কয়লার দাম ও সরবরাহ স্থিতিশীল রাখতে এনডিআরসি যেসব উদ্যোগ নিয়েছে, সেসবের বাস্তবায়ন অব্যাহত থাকবে।
এনডিআরসির তথ্যের বরাত দিয়ে মেং এক সংবাদ সম্মেলনে বলেন, অক্টোবরে চীনের কয়লা উত্তোলন ৩৬ কোটি টনে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।
১৪ নভেম্বর দেশটির প্রধান বিদ্যুৎকেন্দ্রগুলোয় কয়লার মজুদ ১২ কোটি ৯০ লাখ টনে উন্নীত হয়েছে। মাসের শেষে মজুদ ১৪ কোটি টন ছাড়ানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রগুলোয় ২২ দিন ব্যবহারের জন্য পর্যাপ্ত কয়লা রয়েছে।










