বৈদেশিক ক্রেতাদের কাছে যুক্তরাষ্ট্রে ভুট্টার চাহিদা বাড়ছে। পাশাপাশি রফতানি প্রতিদ্বন্দ্বী দেশগুলো এবার প্রতিযোগিতার বাজারে পিছিয়ে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ববাজারে ভুট্টা সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম। 

২০২০-২১ বিপণন মৌসুমে দেশটি সর্বকালের সর্বোচ্চ ভুট্টা রফতানি করবে। মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এবার ভুট্টার আবাদ কমে গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে ঊর্ধ্বমুখী চাহিদা থাকলেও দেখা দেয় সরবরাহ সংকট। ব্রাজিলে ভুট্টার ক্রমবর্ধমান চাহিদাই যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানি বৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করেছে। অন্যদিকে এবার রফতানিতে ইউক্রেন কিছুটা পিছিয়ে পড়েছে। এসব কারণে রফতানি বাজারে কোনো রকম প্রতিযোগিতার মুখে পড়তে হয়নি যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে গবাদিপশু খাদ্যের চাহিদা কমে যাওয়া ও ভুট্টার উচ্চমূল্যের কারণে চীনের সঙ্গেও এবার যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার বাজার তৈরি হয়নি।

ইউএসডিএ জানায়, ২০২০-২১ বিপণন মৌসুমে দেশটি ৭ কোটি ৩০ লাখ টন ভুট্টা রফতানির প্রাক্কলন করেছে। এ মৌসুমের ভুট্টা রফতানি সর্বকালের শীর্ষে উঠে আসবে। এবার ১ হাজার ৭৯০ কোটি ডলারের ভুট্টা রফতানি করবে যুক্তরাষ্ট্র। এর আগে রফতানির রেকর্ড ছিল ৬ কোটি ৩৭ লাখ টন। ২০১৭-১৮ মৌসুমে এ রেকর্ড অর্জিত হয়। এ সময় ১ হাজার ১৬০ কোটি ডলারের ভুট্টা রফতানি করে যুক্তরাষ্ট্র।