যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড কোম্পানি ম্যাকডোনাল্ডস সম্প্রতি তাদের দ্রুততম বাণিজ্যিক বিস্তারের সিদ্ধান্তের কথা জানিয়েছে। কোম্পানিটি ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী ৫০ হাজার রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করেছে। এটা কোম্পানিটির ইতিহাসে দ্রুততম বিস্তারের সিদ্ধান্ত বলে বিবেচিত হচ্ছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
২০২২ সালের তথ্যমতে, ফাস্ট ফুড কোম্পানিটির মোট রেস্তোরাঁর সংখ্যা ছিল ৪০ হাজার ২৭৫। বর্তমানে বিশ্বব্যাপী নিজেদের ব্যবসায়িক অবস্থানকে পোক্ত করার লক্ষ্যে আগের এক-চতুর্থাংশ পরিমাণ রেস্তোরাঁ বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে গত শতকের মাঝামাঝিতে শুরু হয় রেস্তোরাঁটি। এরই মধ্যে বৈশ্বিক রেস্তোরাঁ বাণিজ্যের প্রথম সারিতে চলে এসেছে এটি। স্টারবাকস ও সাবওয়ের মতো বৃহদাকার বাণিজ্যিক রেস্তোরাঁগুলোর তুলনায় প্রতিষ্ঠানটি এখন অনেক এগিয়ে।
২০২৪ সাল নাগাদ কোম্পানিটি নিজেদের বাণিজ্যিক প্রসারে ব্যয় করবে ২৫০ কোটি ডলার।
পরবর্তী বছরগুলোয় ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর এ মূলধন ব্যয়ের পরিমাণ বাড়বে ৩০-৫০ কোটি ডলার।
১৮ বছরে ৩০-৪০ হাজার রেস্তোরাঁর তুলনায় কোম্পানিটির বর্তমান সম্প্রসারণের গতি কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ডসের প্রধান কাস্টমার অফিসার মানু স্টেইজার্ট। তিনি বলেন, ‘আশা করি, আগামী চার বছর পরও বিশ্ববাসী ম্যাকডোনাল্ডসের উন্নয়নের ধারা টের পাবে।’
কভিড-১৯-এর পর থেকে অনলাইনে রেস্তোরাঁটির খাবারের অর্ডার বেড়েছে কয়েক গুণ। এছাড়া সম্প্রতি কিছু নতুন আইটেমের মাধ্যমে এর খাবারের বিক্রিও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ২০২৪ সালে কোম্পানিটির রাজস্ব বাড়বে প্রায় ২ শতাংশ বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।










