পুঁজিবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম), ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে জানিয়েছে কোম্পানি তিনটি।
আরএসআরএম: ডিএসইতে গত ৯ মে থেকে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন লেনদেন শুরুর আগে শেয়ারদর ছিল ১৬ টাকা ৬০ পয়সা। গত রোববার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়ে দাঁড়ায় ২৩ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছিল ৬ টাকা ৭০ পয়সা বা ৪০ দশমিক ৩৬ শতাংশ। অবশ্য গতকাল শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা কমেছে। আলোচ্য সময়ের মধ্যে গত রোববার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ২৪ লাখ ৯৯ হাজার ৬১৮টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল ৬ লাখ ৪৩ হাজার ৯১১টি শেয়ার হাতবদল হয়েছে।
ট্রাস্ট ইসলামী লাইফ: গত ১১ মে ডিএসইতে তালিকাভুক্তির মাধ্যমে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। এদিন ১১ টাকায় লেনদেন শুরু করা শেয়ারটির দর এরপর ধারাবাহিকভাবে প্রতিদিন বেড়েছে। সর্বশেষ গতকাল লেনদেন শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে মাত্র এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭১ টাকা ৫০ পয়সা বা ৬৫০ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে গত রোববার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ৪৩ লাখ ২৪ হাজার ৭৮২টি শেয়ার হাতবদল হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ২৪ লাখ ২৯ হাজার ৫০৫টি।
প্রাইম ইসলামী লাইফ: ডিএসইতে গত ১১ মে থেকে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন লেনদেন শুরুর আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। গত বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়ে দাঁড়ায় ৭৮ টাকায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছিল ২১ টাকা ৮০ পয়সা বা ৩৮ দশমিক ৭৯ শতাংশ। অবশ্য গত দুই কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৮০ পয়সা কমেছে। আলোচ্য সময়ের মধ্যে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ১৭ লাখ ৯০ হাজার ৯০টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল কোম্পানিটির ৮ লাখ ৮৯ হাজার ৮৭৯টি শেয়ার হাতবদল হয়েছে।










