পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে বহুজাতিক কোম্পানিটির চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছে বাটা সুর পর্ষদ। এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ২৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে বাটা সু। সে হিসাবে ২০২২ হিসাব বছরের জন্য মোট ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে বাটা সুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫ টাকা ১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫২ টাকা ১৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫২ টাকা ৩৩ পয়সায়। এদিকে ঘোষিত চূড়ান্ত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৩ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি।










