প্রাইম ব্যাংক পিএলসি ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে ‘প্রাইম একাডেমিয়া’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এঙ্গেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও যুবশক্তির ক্ষমতায়নে আর্থিক অন্তর্ভুক্তি অপরিহার্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মো. ফাইজুর রহমান, ডিন প্রফেসর ড. মোহাম্মদ তারেক আজিজ এবং রেজিস্ট্রার ক্যাপ্টেন (নৌ.) এস এম সালাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তারা।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। তিনি তরুণদের জন্য ব্যাংকের বিভিন্ন উদ্যোগ ও সুযোগ তুলে ধরেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে আর্থিক সচেতনতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

সেমিনারের শেষে প্রাইম ব্যাংক ও গ্রিন ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষার্থী-কেন্দ্রিক কর্মসূচি ও যৌথ উদ্যোগ আরো জোরদার হবে বলে জানানো হয়।

প্রাইম একাডেমিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একীভূত আর্থিক সেবা দিচ্ছে। এর আওতায় রয়েছে ডিজিটাল ফি সংগ্রহ, বেতন ব্যবস্থাপনা, স্কুল ব্যাংকিং ও শিক্ষার্থী উপযোগী হিসাব সুবিধা।

শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তরুণরা এতে অনুপ্রাণিত হয় আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় উন্নয়নের সঙ্গে নিজেদের ভূমিকা যুক্ত করতে।

—বিজ্ঞপ্তি