জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ঐকমত্যে পৌঁছতে পারেনি শিল্পোন্নত দেশগুলোর জোট গ্রুপ অব টোয়েন্টি (জি২০)। শনিবার ভারতে অর্থনেতাদের বৈঠকে কিছু উৎপাদক দেশের ভেটোর মুখে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে কমিয়ে আনার বিষয়ে চুক্তি করতে ব্যর্থ হয় জোট। খবর রয়টার্স।
বৈশ্বিক উষ্ণতা রোধে আন্তর্জাতিক সংস্থাগুলোর পদক্ষেপে বিজ্ঞানী ও প্রচারকারীরা ক্ষিপ্ত হয়ে আছেন। এমনকি চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বৈশ্বিক জলবায়ু সংকটের কারণে চরম আবহাওয়ার মুখোমুখি।
জি২০ সদস্যদেশগুলো দেশজ উৎপাদনে ও বৈশ্বিক কার্বন নিঃসরণে তিন-চতুর্থাংশের জন্য দায়ী। তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে ডিকার্বোনাইজ (কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে) করতে গ্রুপটির ক্রমবর্ধমান প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির সক্ষমতা তিন গুণ বাড়ানোসহ ক্রমে কার্বন নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে মতবিরোধের ফলে ব্যর্থতার মধ্য দিয়ে বৈঠক শেষ হয়েছে। একটি যৌথ ঘোষণার পরিবর্তে শুধু চেয়ারের কার্যবিবরণীর বিবৃতি দিয়ে কর্মকর্তারা ভারতের উপকূলীয় রাজ্য গোয়ার বাম্বোলিমে তাদের চারদিনের বৈঠক শেষ করেছেন।
সাধারণত সদস্যদেশগুলোর মধ্যে মতৈক্য হলে তা চুক্তি আকারে একটি যৌথ ঘোষণাপত্র জারি করা হয়।
ভারতের বিদ্যুৎমন্ত্রী আর কে সিং বলেন, ‘আমাদের ২৯টি অনুচ্ছেদের মধ্যে ২২টিতে চুক্তি সম্পূর্ণ হয়েছে। অবশিষ্ট সাতটি অনুচ্ছেদের ক্ষেত্রে চেয়ারের সারাংশ লেখা হয়েছে।’










