ভয়াবহ খরায় বিপর্যস্ত খাজাখস্তানের খাদ্যশস্য আবাদ। ফলে চলতি বছর দেশটির খাদ্যশস্য উত্তোলন ২৪ শতাংশ হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী জেরবল কারাশোকিয়েভ সরকারি এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন। রয়টার্স ও ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

কাজাখস্তান মধ্য এশিয়ার সবচেয়ে বড় খাদ্যশস্য উত্তোলনকারী দেশ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানসহ প্রতিবেশী দেশগুলো খাদ্যশস্য আমদানিতে কাজাখস্তানের ওপর অনেকটাই নির্ভরশীল। চলতি বছর কাজাখস্তানে ১ কোটি ৫৩ লাখ টন খাদ্যশস্য উৎপাদিত হতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, এ বছর কাজাখস্তান ৬৫-৭০ লাখ টন খাদ্যশস্য রফতানি করতে সক্ষম হবে। গত বছর রফতানির পরিমাণ ছিল ৮০ লাখ টন। সে হিসাবে রফতানি ১৫-১০ লাখ টন হ্রাস পাবে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত কাজাখস্তান ৩৫ লাখ টন খাদ্যশস্য সরবরাহ করেছে। এর মধ্যে শুধু গমই সরবরাহ করা হয়েছে ২৮ লাখ টন।