ব্যাংকিং
খাতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে- এমন আশংকার মাঝেই আবারো সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বুধবার (২২ মার্চ) এই হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। খবর বিবিসি।
অবশ্য ফেডারেল রিজার্ভ
বলছে, ব্যাংকিং খাত শক্তিশালী অবস্থায় রয়েছে। সঙ্গে সতর্ক করে এও বলছে, ব্যাংকের ব্যর্থতার ফলে সামনের মাসগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে
পারে।
গত বছর
থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে সুদের হারের বৃদ্ধি
দেশটির ব্যাংকিং ব্যবস্থায় চাপ সৃষ্টি করেছে।
সম্প্রতি
সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের ধসের কারণ হিসেবে উচ্চ সুদের হারকে
আংশিকভাবে দায়ী করা হচ্ছে। কারণ সুদহার
বাড়ানোর কারণে ব্যাংকের হাতে থাকা বন্ডের দামে ব্যাপক প্রভাব পড়েছে।
তবে কর্তৃপক্ষ মনে করে না এ সব ব্যর্থতা আর্থিক স্থিতিশীলতাকে ব্যাপক হুমকির মুখে ফেলেছে। বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য এ প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।
ফেডারেল
রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মনোনিবেশ করেছে। শক্তিশালী আর্থিক ব্যবস্থা থেকে
সিলিকন ভ্যালি ব্যাংকের ঘটনাকে
দূরবর্তী অংশ হিসেবে বর্ণনা করেন তিনি। তবে প্রভাব অস্পষ্ট
হলেও বর্তমান অস্থিরতা প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে।
ফেডারেল
রিজার্ভের প্রকাশিত পূর্বাভাস
অনুসারে এই বছর দেশটির অর্থনীতি মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ এবং ২০২৪ সালে এক দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে
পারে। যা গত ডিসেম্বরে দেয়া পূর্বাভাস থেকেও কম।










