চলতি অর্থবছরে ভারতের রিয়েল এস্টেট প্লাটফর্মগুলো ৪৫০ কোটি ডলারের ব্যবসায়িক লেনদেন করেছে। এসব লেনদেনের মধ্যে আছে রিয়েল এস্টেট অ্যাসেট ক্লাস। পাশাপাশি বাণিজ্যিক অফিস ও আবাসন খাতেও উল্লেখযোগ্য লেনদেন হয়েছে। লেনদেনের ক্ষেত্রে প্রাইভেট ইকুয়িটি ইনভেস্টমেন্টের প্রাধান্য আছে। অ্যানারক ক্যাপিটালের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর অ্যারাবিয়ান বিজনেস।
অ্যানারক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শোভিত আগারওয়াল জানান, গত অর্থবছরে কমার্শিয়াল রিয়েল এস্টেট এবং ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিকসের লেনদেন সবচেয়ে বেশি ছিল। এ খাতগুলোয় সারা ভারত থেকে ৫০ কোটি ডলারের বেশি মূল্যের লেনদেনগুলো হয়। অন্যদিকে একই অর্থবছরে আবাসন খাতে হওয়া লেনদেনগুলো তুলনামূলক ছোট ছিল। সেগুলোর আকার ছিল ৫ কোটি থেকে ১২ কোটি ৫০ ডলারের মধ্যে।
প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরে প্রাইভেট ইকুয়িটি ইনভেস্টমেন্টের মোট মূল্যের ৬৯ শতাংশ শীর্ষ ১০ লেনদেন থেকেই এসেছে। তবে গড় টিকিটের আকার কমেছে। গত অর্থবছরের ৮ কোটি ৬০ লাখ ডলার থেকে চলতি অর্থবছরে তা ৭ কোটি ২০ লাখ ডলারে নেমে এসেছে। আবাসন খাতে লেনদেনের পরিমাণ বেড়ে যাওয়া এর প্রধান কারণ। এ খাতে লেনদেনের আকার সাধারণত ছোট হয়।
প্রাইভেট ইকুয়িটি প্লেয়ারদের প্রধান আকর্ষণ দিল্লির দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মার্কেটগুলো। চলতি অর্থবছরে প্রাইভেট ইনভেস্টমেন্টের মোট প্রবাহের ৩২ শতাংশ সেখানে গিয়েছে। গত অর্থবছরের তুলনায় তা ১৮ শতাংশ বেশি। চেন্নাইতেও প্রাইভেট ইনভেস্টমেন্টের প্রবাহ বেড়েছে। গত অর্থবছরের মাত্র ১ শতাংশ থেকে চলতি অর্থবছরে তা ৮ শতাংশে উন্নীত হয়েছে।










