সাম্প্রতিক সময়ে বিবিধ খাতের জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ২১ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১১৩ টাকা ৪০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫৭ টাকা ৩০ পয়সা। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিকিউ বলপেনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৯ টাকা ২৩ পয়সায়। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২০ টাকা ৬ পয়সায়। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ উদ্যোক্তা পরিচালক বাদে অন্য বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৭ টাকা ৫৬ পয়সা।