চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা করেছে জ্বালানি তেল জায়ান্ট এক্সনমোবিল। জ্বালানি তেল ও গ্যাসের বর্ধিত চাহিদার কারণে ফুলেফেঁপে উঠেছে এ মার্কিন জ্বালানি জায়ান্টের আয়। খবর বিবিসি।
সাম্প্রতিক আয়-ব্যয়ের প্রতিবেদনে এক্সনমবিল জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ১ হাজার ১৪০ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকে তাদের মুনাফা হয়েছিল যেখানে ৫৫০ কোটি ডলার।
জ্বালানি তেলের দাম কমে যাওয়া ও কোম্পানিগুলোর ওপর ইউরোপের ২০ কোটি ডলার করারোপেও মুনাফা স্থিমিত হয়নি এক্সনের। এমনকি চড়া মূল্যে রাশিয়া থেকে সরে আসাও প্রভাব ফেলেনি।
প্রতিদ্বন্দ্বী মার্কিন জ্বালানি তেল কোম্পানি শেভরনও মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে। কোম্পানিটি প্রথম প্রান্তিকে প্রায় ৬৬০ কোটি ডলার মুনাফা করেছে, যা এক বছর আগের চেয়ে ৫ শতাংশ বেশি। সঙ্গে রয়েছে যুক্তরাজ্যে পরিশোধ করা ১৩ কোটি ডলার উইন্ডফল ট্যাক্স।
আগামী সপ্তাহে নিজেদের আয়-ব্যয়ের উপাত্ত নিয়ে হাজির হবে শীর্ষস্থানীয় দুই কোম্পানি শেল ও বিপি।
জ্বালানি তেল ও গ্যাসের উচ্চমূল্যের এই সময়ে অন্য কোম্পানির মতো এক্সনমবিলও সমালোচনার মুখে। তারা শেয়ারহোল্ডারদের কতটা শতাংশ দেবে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এক্সনমবিল জানিয়ে দিয়েছে, শেয়ারহোল্ডাররা লভ্যাংশসহ ৮১০ কোটি ডলার ও শেয়ার বাইব্যাক সাড়ে ৩৭ কোটি ডলার পাবে।










