উচ্চশিক্ষার মূল লক্ষ্য শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জ্ঞানভিত্তিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। চট্টগ্রামের নেভি কনভেনশন হলে গতকাল চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) তৃতীয় সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বর্তমান বিশ্ব বাস্তবতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তি, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। পড়াশোনা যদি কেবল নিজের স্বার্থ রক্ষা করে, তাহলে তা অব্যবহৃত থেকে যাবে। ডিগ্রি সুযোগ তৈরি করে দেয়, কিন্তু শিক্ষা দায়িত্বশীল করে।’ বিশ্ববিদ্যালয়ে তোমরা কী অর্জন করেছ তা নয়, এ অর্জন দিয়ে তুমি কী করবে—সেটাই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

চৌধুরী রফিকুল আবরার আরো বলেন, ‘আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে গবেষণা, উদ্ভাবন ও বাস্তবমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান এবং দক্ষতাকে দেশ ও মানবকল্যাণে কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, সিআইইউর প্রতিষ্ঠাতা ট্রাস্ট ইএসটিসিডির চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

সিআইইউর এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের ১৬৮ শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ের ১২১ জন ও স্নাতকোত্তর পর্যায়ের ৪৭ শিক্ষার্থী রয়েছেন। এছাড়া অসামান্য ফলাফলের জন্য সাতজন শিক্ষার্থীকে ‘টপ অ্যাচিভার্স’ পুরস্কার দেয়া হয়।