চলতি বছরের প্রথম প্রান্তিকে এইচএসবিসির কর-পূর্ব মুনাফা তিন গুণ বেড়েছে। বিশ্বব্যাপী সুদহার বৃদ্ধিতে আয় বেড়েছে ইউরোপের বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠানটির। খবর এপি।

গতকাল আয়-ব্যয়ের উপাত্তে এইচএসবিসি জানায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এইচএসবিসির কর-পূর্ব আয় ১ হাজার ২৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের একই প্রান্তিকে ছিল ৪১৪ কোটি ডলার।

লন্ডনভিত্তিক ব্যাংকটির মোট আয় ৬৪ শতাংশ বেড়ে ২ হাজার ২০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

চাঙ্গা আয়ে ২০১৯ সালের পর এই প্রথম শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে ঋণদাতা প্রতিষ্ঠানটি। শীর্ষ নির্বাহী নোয়েল কুইন জানান, প্রথম প্রান্তিকে শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারে ১০ সেন্ট করে লভ্যাংশ পাবেন।

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে বা সংকুচিত করে এশিয়া ও মধ্যপ্রাচ্যের মতো সম্ভাবনাময় বাজারে মনোযোগ বাড়াচ্ছে এইচএসবিসি। এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের পূর্বাভাস, চলতি বছরে বিশ্ব অর্থনীতি শ্লথ হলেও চীনের অর্থনীতি ৫ দশমিক ৫ শতাংশ সম্প্রসারণ হবে। 

এছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্প্রসারণ হতে পারে ৪ দশমিক ৬ শতাংশ।