চলতি বছরের প্রথম প্রান্তিকে অল্পের জন্য মন্দা এড়াল দক্ষিণ কোরিয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত উপাত্তে গতকাল এ তথ্য উঠে এসেছে। খবর ইয়োনহাপ এজেন্সি।
গত বছরের শেষ প্রান্তিকে সংকোচনের মধ্য দিয়ে গিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রথম প্রান্তিকেও সংকোচনের মধ্য দিয়ে গেলে ধরে নেয়া হতো মন্দায় পড়েছে এশিয়ার চতুর্থ বৃহৎ এ অর্থনীতিটি। ব্যাংক অব কোরিয়া (বিওকে) বলছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সম্প্রসারিত হয়েছে। এর আগের প্রান্তিকে যেখানে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছিল।
রফতানি চাঙ্গা ও শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদায় ভর করে চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির ধারায় ছিল দক্ষিণ কোরিয়া। তবে পুরো বছর নিয়ে আশাবাদী হওয়ার কারণ দেখছেন না সংশ্লিষ্টরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধান অর্থনীতিগুলো কঠোর মুদ্রানীতি গ্রহণ করছে। এতে রফতানিনির্ভর দক্ষিণ কোরিয়ার রফতানিতে প্রভাব পড়বে। গত বছরের অক্টোবরের পর টানা ছয় মাস রফতানি কমেছে দেশটির।
গত বছরের এপ্রিলের পর টানা সাত বৈঠকে সুদহার বাড়িয়েছে বিওকে। ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি সম্প্রসারিত হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এর আগের বছর যেখানে দেশটির অর্থনীতি ৪ দশমিক ১ শতাংশ সম্প্রসারিত হয়েছিল, চলতি বছর ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বিওকের। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস, চলতি বছরে দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৫ শতাংশ।










