লৌহ ও অন্যান্য ধাতুর ওপর রফতানি শুল্ক আরোপ করেছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। আগামী মাস থেকে রফতানি শুল্ক কার্যকর হবে।
এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের প্রতিবেদনে বলা হয়, ধাতুভেদে প্রতি ১০ লাখ টন রফতানিতে ৫৪ থেকে ২ হাজার ৩২১ ডলার করে শুল্ক গ্রহণ করা হবে। তবে সরকারের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির রফতানিকারক ও ধাতু কোম্পানিগুলো। তারা এটিকে চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে মত দিয়েছেন।
রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় জানায়, নতুন করে আরোপিত রফতানি শুল্ক দেশীয় বাজেটে বড় পরিসরে আয় সংযোজন করবে। এক্ষেত্রে লৌহ ধাতু থেকে আয় আসবে ১৬০ কোটি ডলার। এছাড়া অন্যান্য ধাতু থেকে আয় আসবে ৭০ কোটি ডলার।
মন্ত্রণালয় সূত্র জানায়, স্থানীয় বাজারে ধাতব পণ্যের সরবরাহ বৃদ্ধি ও ঊর্ধ্বমুখী দামে লাগাম টেনে ধরতে এ শুল্ক আরোপ করা হয়েছে।










