ক্যারিবিয়ান অঞ্চলের পরিশোধনাগার লিমেট্রি বে রিফাইনারি আগামী ডিসেম্বরের মধ্যে সফলতার সঙ্গে ঘুরে দাঁড়িয়ে সক্রিয় হতে না পারে তবে তাদের অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের বৃহৎ কোম্পানি বিপি।
ক্যারিবিয়ান রিফাইনারির মালিক লিমেট্রি বে ভেঞ্চার অন্তত ২৭০ কোটি ডলার খরচ করে ফ্যাসিলিটিজকে পুনরুদ্ধারের চেষ্টা করেছে এবং প্রাথমিকভাবে কম সালফারের জ্বালানি আর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান বাজার দখলের স্বপ্ন দেখছিল। কিন্তু প্লান্টের কাজ শুরুর দিনক্ষণ এক বছরেরও বেশি পিছিয়ে গেছে।
লিমেট্রি বে রিফাইনারিতে অপরিশোধিত তেল সরবরাহ করে সেখান থেকে পরিশোধিত তেল বাজারজাতের উদ্দেশ্যে এখানে বিনিয়োগ করেছিল বিপি পিএলসি। চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের শেষের দিকেই কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু লিমেট্রি বে রিফাইনারি সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। তাই আগামী ডিসেম্বরের মধ্যে তারা কার্যক্রম শুরু করতে না পারলে বিপি চাইলে চুক্তি বাতিল করতে পারে বলে কোম্পানিটির ঘনিষ্ঠ দুই ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন। তেমনটি ঘটলে আমেরিকা অঞ্চলের সর্ববৃহৎ নতুন রিফাইনারির ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।
নতুন সমুদ্র আইনে সামুদ্রিক জ্বালানিতে সালফারের পরিমাণ বেশ কম থাকতে হবে। নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেল বাজারজাতের আশায় লিমেট্রি বে রিফাইনারিকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছিল এর মালিক ইআইজি গ্লোবাল এনার্জি পার্টনার্স ও আর্কলাইট ক্যাপিটাল পার্টনার্স। তাদের এ কাজে বিনিয়োগ করে বিপি।










