ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) পূর্বাভাস অনুসারে, বৈশ্বিক এয়ারলাইনস খাত ২০২৪ সালে ২ দশমিক ৭ শতাংশ নিট মুনাফা করবে। আইএটিএর প্রক্ষেপণ অনুসারে, এয়ারলাইনস খাতের নিট মুনাফা ২০২৪ সালে ২ হাজার ৫৭০ কোটি ডলারে পৌঁছবে, যা ২০২৩ সালের জন্য প্রত্যাশিত ২ হাজার ৩৩০ ডলার নিট মুনাফা থেকে কিছুটা বেশি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

আইএটিএ জানায়, ২০২৪ সালে খাতটির প্রতিষ্ঠানগুলোর মোট রাজস্ব আয় বার্ষিক ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড ৯৬ হাজার ৪০০ কোটি হবে। ব্যয়ের হার সামান্য কমে ৬ দশমিক ৯ শতাংশ বা ৯১ হাজার ৪০০ কোটি ডলার হবে।

আইএটিএ পূর্বাভাস দিয়েছে, ২০২৪ সালে প্রায় ৪৭০ কোটি মানুষ আকাশপথে ভ্রমণ করবেন। এটি একটি ‘রেকর্ড’,"যা ২০১৯ সালের মহামারী-পূর্ব পরিসংখ্যান ৪৫০ কোটিকে ছাড়িয়ে যাবে।

২০২৪ সালে যাত্রীদের কাছ থেকে আয় ৭১ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যা ২০২৩ সালের ৬৪ হাজার ২০০ কোটি ডলারের চেয়ে ১২ শতাংশ বাড়বে।

ক্রমবর্ধমান খরচ বিশেষ করে জ্বালানি তেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান ভাড়া বাড়তে পারে। তবে আইএটিএর বিশ্লেষণ মতে, এ খাতে বিভিন্ন কোম্পানির মধ্যে প্রতিযোগিতার ফলে বিমান ভাড়া কমতে পারে। অঞ্চলভেদে খাতটি মহামারীজনিত লোকসান থেকে পুনরুদ্ধার করেছে। উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ২০২৩ সালে নিট মুনাফা করেছে।

২০২৪ সালে উত্তর আমেরিকা ১ হাজার ৪৪০ কোটি ডলার (৪ শতাংশ নিট মুনাফা), ইউরোপ ৭৯০ কোটি ডলার (৩ দশমিক ৩ শতাংশ) এবং মধ্যপ্রাচ্য ৩১০ কোটি ডলার (৪ দশমিক ৮ শতাংশ) নিট মুনাফা করবে বলে আশা করা হচ্ছে। এশিয়া ১১০ কোটি ডলার (শূন্য দশমিক ৫ শতাংশ) নিট মুনাফার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। তবে লাতিন আমেরিকা ও আফ্রিকা পিছিয়ে থাকবে।

যদিও অঞ্চলভেদে কিছু প্রধান কোম্পানি মহামারীজনিত লোকসান থেকে দ্রুত পুনরুদ্ধার করেছে। তবে চীন গত আগস্টে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এ অঞ্চলে আন্তর্জাতিক ভ্রমণ ধীরগতিতে বেড়েছে।

আইএটিএর নীতি ও অর্থনীতির পরিচালক অ্যান্ড্রু ম্যাটারস জানান, ‌পরিচালন মুনাফা ২০২৩ সালে ৪ হাজার ৭০ কোটি ডলার থেকে ২০২৪ সালে ৪ হাজার ৯৩০ কোটি ডলারে পৌঁছনোর পূর্বাভাস দেয়া হয়েছে।

আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, ‘এয়ারলাইনস ব্যবসা ঘুরে দাঁড়ানোর দৃশ্য অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। তবে ২ দশমিক ৭ শতাংশ নিট মুনাফা অন্য যেকোনো শিল্পের বিনিয়োগকারীদের তুলনায় অনেক কম।’

তিনি জানান, একটি ঝুঁকিপূর্ণ বৈশ্বিক খাতের জন্য কেবল ভবিষ্যৎ গড়ে তোলাটা অপর্যাপ্ত। এয়ারলাইনস ব্যবসার ওপর ৩ দশমিক ৫ শতাংশ জিডিপি নির্ভর করে। এর সঙ্গে প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা জড়িত।

প্রসঙ্গত, আইএটিএর সদস্য প্রায় ৩২০টি এয়ারলাইনস, যা বিশ্বব্যাপী এয়ার ট্রাফিকের ৮৩ শতাংশের প্রতিনিধিত্ব করে। এর পরিসংখ্যানে সদস্য এবং সদস্য নয়, এমন এয়ারলাইনসগুলোর জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ধরনের উড়োজাহাজ পরিষেবা অন্তর্ভুক্ত।