যুক্তরাজ্যের লন্ডনে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনে বিনিয়োগ করবে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলি। এজন্য প্রতিষ্ঠানটি লন্ডনের আইকনিক ব্ল্যাক ট্যাক্সিগুলোকে বাণিজ্যিক ও যাত্রী পরিবহনযোগ্য ইভিতে পরিণত করতে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লন্ডন ইলেকট্রিক ভেহিকল কোম্পানি (এলইভিসি) এরই মধ্যে ইভি উৎপাদনের পরিকল্পনা করছে। সেন্ট্রাল ইংল্যান্ডের কভেন্ট্রিতে ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠানের সদর দপ্তরে এলইভিসির সিইও আলেক্স ন্যান বলেন, আমাদের একটি উন্নত প্রডাক্ট পোর্টফোলিও দরকার। প্রযুক্তি ও অবকাঠামোর ক্ষেত্রে আমাদের বড় বিনিয়োগ করতে হবে। গিলি এলইভিসিতে ধারাবাহিক বিনিয়োগ করবে, কেননা এটি একটি বিশেষ প্রকল্প।

এলইভিসি বর্তমানে হাইব্রিড ট্যাক্সি উৎপাদন করে। এর মূল্য প্রায় ৬৬ হাজার পাউন্ড বা ৮১ হাজার ৫০০ ডলার থেকে শুরু হয়। এ ট্যাক্সির ব্যাটারিতে এক চার্জে ৬৪ মাইল পর্যন্ত সার্ভিস দেয়। পাশাপাশি পেট্রল ব্যবহারের মাধ্যমে আরো ৩০০ মাইল পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। করোনা মহামারীর ফলে কোম্পানিটির ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্টোবরে প্রতিষ্ঠানটি ১৪০ জন কর্মী ছাঁটাই করেছে।

অ্যালেক্স ন্যান জানিয়েছেন, এলইভিসি ও গিলি কার্বন নিঃসরণমুক্ত গাড়ি উৎপাদনে অন্য বিনিয়োগকারীদের আকর্ষণের চেষ্টা করবে। নতুন প্রযুক্তি বিকাশের জন্য অন্যান্য গাড়ি নির্মাতাদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে। গিলির কর্মকর্তারা জানিয়েছেন, গিলির বিনিয়োগের পরিমাণ পরবর্তী সময়ে প্রকাশ হবে। ২০১৩ সালে এলইভিসির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া চীনা গ্রুপটি এখন পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ৫০ কোটি পাউন্ড বিনিয়োগ করেছে। জিলি স্পোর্টস কারের উৎপাদন ব্যাপকভাবে প্রসারিত করতে ২০২১ সালে ব্রিটেন ও চীনে এসইউভি ও সেডান উৎপাদনে অন্য এক ইউনিটে ২০০ কোটি পাউন্ড বিনিয়োগ শুরু করে।

এলইভিসির কভেন্ট্রি কারখানায় বর্তমানে একক শিফটে বছরে তিন হাজার ট্যাক্সি উৎপাদনের সক্ষমতা আছে। এলইভিসির এমডি ক্রিস অ্যালেন জানিয়েছেন, বার্ষিক উৎপাদন খুব সহজেই ২০ হাজার পর্যন্ত বাড়ানো যেতে পারে। কারখানা সম্প্রসারণের যথেষ্ট জায়গা রয়েছে। তিনি বলেন, আমাদের প্রডাক্টের অনেক মূল্য আছে। আমরা কখনই সর্বোচ্চ পর্যায়ে এর ব্যবহার করিনি। এলইভিসিকে বিশ্বব্যাপী প্রসারিত ও স্বীকৃত ব্র্যান্ডে পরিণত করতে এবং আমাদের গাড়ি সরবরাহ বাড়াতে হবে।