ভিয়েতনামের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি খাতে চাঙ্গা ভাবের দেখা মিলেছে। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেড়েছে। তবে একই সময়ে জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামিজ রফতানিকারকদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ শতাংশ কমেছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
ভিয়েতনামের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪০ লাখ ৮৯ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৯ শতাংশ বেশি।
এ সময় অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামিজ রফতানিকারকরা সব মিলিয়ে ১৩৬ কোটি ৩০ লাখ ডলার আয় করেছেন। এক বছরের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ দেশটির আয় ৮ দশমিক ৬ শতাংশ কমেছে।










